বরিশালে ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত!!!
সোহেল আহমেদ: মা ইলিশ নিধন প্রতিরোধে কঠোর অবস্থানে বরিশাল জেলা প্রশাসন। সরকারের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিদিনই চলছে অভিযান। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গতকালও ২২ জেলেকে আটক করে তাদেরকে মোবাইল কোর্টে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বরিশাল জেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। মোবাইল কোর্ট অভিযান চলাকালে ২২ জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে আটক করে মোবাইল কোর্টে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এর পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সর্বমোট ৬ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ৪ মণ মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল ধংস করা হয়।
বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পৃথক অভিযান পরিচালনা করেন।
মা ইলিশ রক্ষায় এসব অভিযানে সহায়তা করেন জেলা-উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা। দৈনিক বরিশাল ২৪.কম এর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, মা ইলিশ রক্ষায় বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান মহোদয়ের কঠোর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করে যাচ্ছে।












