বেনাপোলে বিজিবির গুলিতে চোরাকারবারি গুলিবিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসাবে মাদক চোরাকারবারীরা ব্যবহার করে আসছে। প্রায় প্রতিদিন এ সীমান্ত দিয়ে মাদক পাচারের সময়
পাচারকারীরা সরকারের বিভিন্ন বাহিনীর নিকট ধরা পড়ছে অহরহ। তবুও থেমে নেই মাদক পাচারকারীরা। দুই তিন মাস জেল খেটে আবারো জড়িয়ে পড়ছে পুরানো পেশায়।
তেমনি ভাবে আজ বৃহস্পতিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় আলামিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী বিজিবির ছোড়া গুলিতে আহত হয়েছে।
এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে। আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত আলামিন বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বিজিবি সুত্রে জানাগেছে।।
পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে
হামলা চালায়।
বিজিবি এসময় নিজেদের আত্মরক্ষার্থে তাদের উপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী আলামিনের ডান পায়ে গুলি লাগে। পরে, বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে আলামিনকে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে প্রেরন করে। সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এর আগে, তার নামে ৪ টি মামলা আছে বলে জানিয়েছেন বিজিবি।
এর আগে ৮ই জুন রহমত আলী নামে এক মাদক ব্যবসায়ী পুটখালী সীমান্তে বিজিবির গুলিতে আহত হয়। ১০ ই জুন পুটখালী সীমান্তর ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবি । সর্বশেষ ২৫ শে জুন বৃহস্পতিবার ভোর রাতে পুটখালী সীমান্তে আলামিন নামে এক মাদক ব্যবসায়ী বিজিবির গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতলেচিকিৎসাধীন আছে।












