রোববার থেকে সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক
মোঃইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ জৈন্তপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে রয়েলিটির নামে হাইওয়ে রোডে চাঁদাবাজির প্রতিবাদে ১২০ ঘণ্টা ট্রাক ধর্মঘট পালনের পর এবার সিলেট জেলায় ৭২ ঘণ্টার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতি এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ট্রাক মালিক-শ্রমিকরা।
শনিবার (২২ আগস্ট)বিকেলে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাঁশকল উচ্ছেদ নিয়ে সিলেট বিভাগের সকল ট্রাক মালিক-শ্রমিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে দাবী আদায় না হয়, তাহলে পরবর্তীতে সিলেট বিভাগে আরো ৭২ঘণ্টার ধর্মঘট পালন করা হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল। বিশেষ অথিতির বক্তব্য দেন হবীগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।
সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার শিষ্টাচার বর্হিভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সিলেটের মালিক-শ্রমিকদেরকে তার অফিসে পর পর দুইদিন বিষয়টি নিস্পত্তির জন্য ডেকেও রহস্যজনক আচরণ করে পক্ষান্তরে তিনিই মালিক-শ্রমিকদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছেন। তাই ট্রাক মালিক-শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ও বাঁশকল উচ্ছেদের জন্যে আগামীকাল সকাল ৬ টা থেকে ৭২ঘন্টার জন্য সিলেট জেলা ট্রাক, পিকআপ, ও কাভার্ডভ্যানসহ সকল প্রকার পণ্যপরিবহণ ধর্মঘট ঘোষণা করা হয়েছে।












