মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা
অনলাইন নিউজঃ পুত্রসন্তান না থাকায় ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ার জেরে ৮০ বছর বয়সী স্ট্রোকের এক রোগীর ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে। শুধু তালা ঝুলিয়েই ক্ষান্ত থাকেননি অভিযুক্তরা, রান্নার চুলা ভেঙে ফেলা এবং বসতবাড়ির গাছ কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। সহায়-সম্বলহীন ওই বৃদ্ধ বর্তমানে অসুস্থ শরীর নিয়ে ঘরের সামনে খোলা আকাশের নিচে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করছেন।
মাঝিকান্দি এলাকার বাসিন্দা আব্দুর ছাত্তার খানের কোনো পুত্রসন্তান না থাকায় তিনি তাঁর সব জমি ছয় মেয়ের নামে লিখে দিয়েছেন। গত মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য এক মেয়ের বাড়িতে চলে যান। সম্প্রতি জমি লিখে দেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন তাঁর ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার। আক্রোশে তারা আব্দুর ছাত্তার খানের ঘরে তালা ঝুলিয়ে দেন, রান্নার চুলা ভেঙে ফেলেন এবং গাছপালা কেটে ঘরের সামনে স্তূপ করে রাখেন। ফলে চলাচলের পথ ও ঘরের দরজায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। চিকিৎসাধীন অবস্থায় বাড়ি ফিরে ঘরে তালা মারা দেখতে পান ওই বৃদ্ধ।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আব্দুর ছাত্তার খান বলেন, ‘আমার কোনো ছেলে নেই, দীর্ঘদিন ধরে আমি শয্যাশায়ী। কখন মারা যাই ঠিক নেই, তাই মেয়েদের জমি লিখে দিয়েছি। এই আক্রোশে আমার ভাই, ভাতিজা ও ভাগিনা ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। অসুস্থ শরীর নিয়ে আকুতি-মিনতি করলেও তারা তালা খুলছে না। এলাকার কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। আমি প্রশাসনের কাছে এর সুবিচার চাই।’
প্রতিবেশী আলী আজগর বলেন, ‘ছেলে না থাকায় মেয়েদের জমি লিখে দেওয়ায় তাঁর ভাতিজা ও ভাগিনা ঘরে তালা দিয়েছে এবং গাছ কেটে রাস্তা আটকে দিয়েছে। আমরা মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তদের মামলার হুমকির ভয়ে কেউ কাছে যেতে পারেনি।’
এদিকে অভিযুক্ত ভাই মোস্তফা খান দাবি করেন, দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় চুরির আশক্ষায় সুরক্ষার জন্য ঘরে তালা মারা হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত খোঁজখবর নিয়ে ওই বৃদ্ধের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












