চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-৩
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের মারতু বিশ্বাসের ছেলে মো. সিহাব (২৬), আকুন্দবাড়িয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সেলিম রেজা (২৬), ও একই এলাকার মো. রইজুদ্দিনের ছেলে মো. ইব্রাহীম বিশ্বাস (৩৫)।
বৃহস্পতিবার রাত পৌণে ৯টার দিকে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে র্যাব জানতে পারে মহারাজপুর এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর বিকেল ৪টার দিকে র্যাবের অপারেশন দল মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫
পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম।












