পুলিশের দুর্নীতি মুক্ত সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক :মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কোন ধরনের গাফেলতি কিংবা কোন নিরীহ সাধারন মানুষকে হয়রানীর অভিযোগ পেলে সংশ্লিস্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘঠিত অপরাধের ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে আরও সংবেদনশীল হওয়ার জন্য সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সভার শুরুতে মেট্রোপলিটন পুলিশের সদ্য প্রয়াত সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের দুর্নীতি মুক্ত সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামী ও সাধারণ গ্রেপ্তারী পরোয়ারা তামিলে পুলিশকে আরও আন্তরিক হতে হবে। অপরাধ দমনের মাধ্যমে বিএমপি’কে বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিটে পরিনত করার প্রত্যাশা করেন তিনি।
বিএমপি’র সহকারী কমিশনার মো. নাসির উদ্দীন মল্লিকের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ- কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. জাহাঙ্গীর মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।












