সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
অনলাইন নিউজ: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
এছাড়াও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।












