১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সদস্য শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা এবং তিনটি সিটি করপোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারীপ্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। কৃষির উন্নয়ন ও কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, এই অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণের কাজ চলছে। এ ছাড়া বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে আট বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোয় শূন্য পদের বিপরীতে দুই হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলছে।
বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা আছে
প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশগুলোর বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দূতাবাসগুলোকে শ্রমবাজার অনুসন্ধান এবং বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে।
মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, থাইল্যান্ডে শ্রমবাজার খোলার বিষয়ে সে দেশে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সে দেশে কর্মী পাঠানোর হার বাড়াতে জাপানিজ ভাষা ও স্কিল ট্রেনিংয়ের পরিধি বাড়ানো হয়েছে।
সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমদের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, যুদ্ধাবস্থার কারণে অন্যান্য দেশের চিকিৎসক, ব্যাংকার, প্রকৌশলীসহ পেশাজীবীরা মধ্যপ্রাচ্য ত্যাগ করছেন। এ অবস্থায় সেখানে বাংলাদেশি পেশাজীবীদের নিয়োগের সম্ভাবনা যাচাইসহ অন্যান্য কোন কোন সেক্টরে কর্মীদের চাহিদা রয়েছে, তা খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।
‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে
সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বাড়াতে তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে। সরকার জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু করবে।
পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম শুরু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকর পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রতিরক্ষা শিল্প গড়ে তোলায় জোর
মেইড ইন বাংলাদেশের উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে আত্মনির্ভরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতীফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, কলেবর বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নসহ আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের লক্ষ্য হলো সেনা, নৌ ও বিমানবাহিনীকে এমন সক্ষমতায় উন্নীত করা, যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন ২০ এপ্রিল
বগুড়া ব্যুরো জানায়, আগামী ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তাঁর নিজ জেলা সফরে আসছেন তিনি। গতকাল বগুড়া সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।












