‘নতুন কোচ দেখতে চাওয়ায় স্কোয়াডে ঘনঘন পরিবর্তন’
স্পোর্টস নিউজ: বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলে চলছে এক ছন্নছাড়া অবস্থা। যে দলগুলোকে বাংলাদেশ গত দুই-তিন বছর ধরে পাত্তাই দিতো না সেই দলের কাছে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার মতো দলকে দেশে, দেশের বাইরে এমনকি লঙ্কানদের মাঠে গিয়েও বলে-কয়ে হারাতো সেই তাদের সাথেই ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে এসেছে। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে হেরে লজ্জায় ডুবে যাওয়ার অবস্থা হয় সাকিব-মুশফিকদের। কিছুই ভালো চলছে না বাংলাদেশ দলের। এর কারণ কী?
স্বাগতিক দল হিসেবে সিরিজের মাঝপথে দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কতবার ব্যবহার করবেন? দুই ম্যাচ শেষে হতেই ইতিমধ্যে দুইবার দল পরিবর্তন করা হয়েছে।
চলমান ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে দলে সুযোগ দেয়া হয় আবু হায়দার রনিকে। রোববার আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর সোমবার আবারও দলে পরিবর্তন আনেন নির্বাচকরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর আগামী দুই ম্যাচের জন্য নতুন পাঁচজন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে।
সর্বশেষ আফগানিস্তানের সাথে হারার পরে দুইবার দল পরিবর্তন নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নতুন কোচ আরও কয়েকজন ক্রিকেটারকে দেখতে চেয়েছেন। সে জন্যই স্কোয়াডে এতগুলো বদল করা হয়েছে।’
স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি আবু হায়দার রনি ও শেখ মেহেদী হাসানের। তাদের বাদ পড়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘মঙ্গলবার তারা এইচপি দলের হয়ে ভারত সফরে যাচ্ছে, তাই তাদের রাখা হয়নি। যেহেতু টি-টোয়েন্টি খেলা, কাজেই বড় স্কোয়াড করার দরকার নেই।’
সর্বশেষ ম্যাচে হেরে যাওয়া পরে ঘোষিত নতুন ১৫ সদস্যের দলে বড় চমক আমিনুল ইসলাম বিপ্লব। তরুণ এ অলরাউন্ডার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘ওকে লেগ স্পিনার হিসেবেই দলে নেয়া হয়েছে। বেশ কয়েকদিন থেকেই এইচপিতে ওকে নার্সিং করা হচ্ছিল।’
প্রসঙ্গত, শেখ মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ দল: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব।












