দাবিগুলো বাস্তবায়ন হলেই খুশি হব: সাকিব
স্পোর্টস নিউজ:বেতন বাড়ানোসহ ১৩টি দাবিতে আন্দোলন করে খেলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসানরা। তাদের সেই দাবির মধ্যে ১০টি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দাবি মেনে নেয়ার পর বুধবার রাতে সাংবাদিকদের সাকিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে দাবিগুলো বাস্তবায়ন হলেই আমরা খুশি হব।
বুধবার রাত ১১টায় মিরপুরে বিসিবি অফিসে সাকিব বলেন, পাপন ভাই তো বলেছেন বেশিরভাগ আলোচনা ফলপ্রসু হয়েছে। আমাদের যে বিষয়গুলো ছিল বোর্ড প্রেসিডেন্টসহ পরিচালকরা সবাই শুনেছেন। আমারেকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তারা আদায় করে দেবেন। সেই আশ্বাসের ভিত্তিতেই জাতীয় লিগের প্লেয়াররা আগামি শনিবার থেকে জাতীয় লিগে অংশ নেবে। আর জাতীয় দলের প্লেয়াররা ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করবে।
সাকিব আরও বলেন, আমাদের দাবি-দাওয়া যা আছে সেগুলো বাস্তবায়ন শুরু হলে বুঝতে পারব যে আমরা খুশি কিনা। তবে এখনও পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে খুশি। নতুন দুটি দাবি ছিল সে দুটি যেহেতু আজ (বুধবার) করা হয়েছে। সেটা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আর আমরা সময় দিলেই কোয়াবের নির্বাচন করা যাবে।
জাতীয় দলের এ অধিনায়ক আরও বলেন, কারো প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আগে যেমন সম্পর্ক ছিল এখনও তেমনই আছে, আশা করি থাকবে। আমরা শুধু কিছু দাবি-দাওয়া আদায়ের কথা বলেছি। আমরা কারও প্ররোচনায় এমনটি করিনি।
প্রসঙ্গত, গত সোমবার মিরপুরে হঠাৎ করেই ১১দফা দাবিতে আন্দোলনে নামেন ক্রিকেটাররা। এরপরই নড়েচড়ে বসে ক্রিকেট বোর্ড।
বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। তারা গণভবন থেকে বেরিয়ে ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার ঘোষণা দেন।












