ভোলায় ৮৮ হাজার জেলের জন্য চাল বরাদ্দ
এ,কে এম গিয়াসউদ্দিন, নিজস্ব প্রতিনিধি: ভোলায় ৮৮ হাজার জেলের জন্য চাল বরাদ্দ ১৭০০. ২২ মেট্রিকটন। ভোলা জেলায় ইলিশের প্রজনন মৌসুমে ৮৮ হাজার ১১১ জন জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।
আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তাই এই সময়ে জেলেদের খাদ্য চাহিদা পূরণ করতে জেলায় ১ হাজার ৭০০ দশমিক ২২ মেট্রিক টন ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে।
আগামী ৯ অক্টোবরের আগেই এসব চাল জেলেদের মাঝে বিতরণ শুরু করা হবে এবং ১৫ অক্টোবরের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলেরা সাধারণত মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
যেহেতু সামনের ২২ দিন তারা নদীতে ইলিশসহ কোনো মাছই ধরতে পারবে না। তাই সরকার তাদের জন্য চালের ব্যবস্থা করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ সময়ে ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
তিনি আরো জানান, আইন অমান্যকারীর কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া সকল ধৃত মাছ ও মাছ ধরার উপকরণ বাজেয়াপ্ত করা হবে।
তাই ইলিশের বংশ বৃদ্ধিতে সকলকে সহায়তা করার আহবান জানান তিনি। এদিকে, মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করতে জেলার ৭ উপজেলায় মৎস্য দফতরের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
জেলেদের অবগত করার জন্য জেলে পল্লী, মাছ ঘাট, মৎস্য আড়ৎ ও বাজারগুলোতে সচেতনতামূলক সভা করা হচ্ছে। এছাড়া ব্যানার, লিফলেট ও পোস্টার লাগানো হচ্ছে নিষিদ্ধকালে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য।












